৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

একটি প্রশংসা একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে

Admin Published: October 14, 2026, 5:51 pm
একটি প্রশংসা একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে

নুরুজ্জামান : মানুষের জীবনে কিছু কথা ফুলের মতো, যা হৃদয়ে সুবাস ছড়ায়। আবার কিছু কথা কাঁটার মতো, যা চোখে দেখা যায় না, অথচ মনের গভীরে ক্ষত তৈরি করে। একটি সুন্দর কথা মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়, আর একটি অপমান-হাসিমুখের আড়ালেও গভীর কষ্ট লুকিয়ে রাখতে পারে।একটি ছোট্ট শহরে অর্ণব নামে এক যুবক বাস করত। অন্যের ভুল নিয়ে হাসাহাসি করা ছিল তার অভ্যাস। একদিন গ্রামের এক অনুষ্ঠানে একজন প্রবীণ শিক্ষক বক্তব্য দিতে গিয়ে কয়েকবার ভুল করে ফেললেন। অর্ণব তাঁকে নিয়ে এমন একটি মন্তব্য করল, যাতে সবাই হেসে উঠল। কিন্তু বৃদ্ধ শিক্ষকের মুখের হাসি মুহূর্তেই মলিন হয়ে গেল।


ঘটনাটি দেখে অর্ণবের প্রিয় শিক্ষক তাকে বললেন, “বাবা, অন্যকে ছোট করে কখনো নিজেকে বড় করা যায় না। তোমার একটি কথায় সবাই হাসতে পারে, অথচ সেই হাসির আড়ালে একজন মানুষের হৃদয় ভেঙে যেতে পারে। মনে রেখো, মানুষকে অপমান করা সহজ, কিন্তু তাকে সম্মান দিয়ে সাহস জোগানোই প্রকৃত মনুষ্যত্ব।”


কথাগুলো অর্ণবের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। পরদিন সে প্রবীণ শিক্ষকের কাছে গিয়ে ক্ষমা চাইল। সেদিন থেকে সে অন্যের ভুল নিয়ে হাসার বদলে মানুষকে উৎসাহ দিতে শিখল। কেউ ব্যর্থ হলে বলত, “হতাশ হয়ো না, আবার চেষ্টা করো। তুমি পারবে।” অর্ণব বুঝতে পারল, একটি আন্তরিক প্রশংসা মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে, আর একটি সুন্দর কথা হতাশ হৃদয়ে আশার আলো জ্বালাতে পারে।


আমরা অনেক সময় রাগের মাথায় এমন কথা বলে ফেলি, যা নিজেরা কিছুক্ষণের মধ্যেই ভুলে যাই, অথচ অন্য কেউ সেই কথার কষ্ট বছরের পর বছর বয়ে বেড়ায়। তাই কথা বলার আগে একবার ভাবা উচিত-আমার কথাটি কি কাউকে সাহস দেবে, নাকি অকারণে তার মন ভেঙে দেবে ? তাই প্রত্যেক মানুষের মনে রাখা উচিত,অপমান এমন এক ঋণ, যার হিসাব হয়তো সঙ্গে সঙ্গে মেলে না, কিন্তু তার স্মৃতি মানুষের হৃদয়ে থেকে যায়। তাই ভুল ধরিয়ে দাও, কিন্তু অপমান করে নয় , সমালোচনা করো, কিন্তু সম্মান বজায় রেখে। কেউ ব্যর্থ হলে তাকে নিরুৎসাহিত না করে সাহস দাও। কারণ তোমার সামান্য উৎসাহই হয়তো তাকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাবে।


জীবন খুব ছোট। এই জীবনে কাউকে ছোট করার চেয়ে তার মুখে হাসি ফোটানো অনেক বেশি মূল্যবান। অন্যের সাফল্যে আনন্দিত হও, হতাশ মানুষকে সাহস দাও, আর কারও দুর্বলতা দেখে হাসার পরিবর্তে তার পাশে এসে দাঁড়াও। মনে রেখো, একটি প্রশংসা একটি স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে, আর একটি অপমান একটি স্বপ্নকে নীরবে ভেঙে দিতে পারে।


তাই এমন মানুষ হও, যার কথায় কেউ ভেঙে না পড়ে, বরং নতুন করে উঠে দাঁড়ানোর সাহস পায়। মানুষের মনে কষ্টের দাগ নয়, ভালোবাসার স্মৃতি রেখে যাও। অন্যের দুর্বলতা নিয়ে হাসার পরিবর্তে তার পাশে দাঁড়াও। কারণ দিন শেষে মানুষ তোমার সম্পদ কিংবা ক্ষমতা মনে রাখবে না , মনে রাখবে তুমি মানুষকে কতটা সম্মান করেছ। কতটা ভালোবাসা দেখিয়েছ। কারণ সুন্দর মুখ নয়, সুন্দর মনই মানুষের প্রকৃত পরিচয় ।