৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি!

Admin Published: August 10, 2025, 4:45 pm
এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি!

স্টাফ রিপোর্টার : ‘প্রস্তুত হ রাজাকার। বাপ-মায়ের দোয়া নে। তোদের দিন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’- এমন চিরকুট লিখে ও সঙ্গে কাপনের কাপড় পাঠানো হয়েছে রাজশাহীর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহীর এক নেতার কাছে। তার বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে গেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়।

হুমকিপ্রাপ্ত এনসিপি নেতার নাম খালিদ হাসান মিলু। তিনি এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক। তার বাড়ি জেলার মোহনপুর উপজেলার ধুরইল গ্রামে।

খালিদ হাসান মিলু জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তিনি বাসায় ফেরেন। কিছুক্ষণ পর জানালার পাশ থেকে অপরিচিত একজনের কণ্ঠে শোনা যায়, ‘বাইরে বের হয়ে দেখ।’ বারান্দায় গিয়ে দেখেন, টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রলের গন্ধ।

তিনি বলেন, আমি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকি। ধুরইল বাজারের নৈশপ্রহরিও আসে। পরে বাইরে এসে একটি পলিথিন পাওয়া যায়। পুলিশ আসার পর সেটি খোলা হয়, ভেতরে কাফনের কাপড় ও চিরকুট পাওয়া যায়। 

তিনি জানান, বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল, তা আমরা নিভিয়ে ফেলতে পেরেছি। এমন সময় হুমকি পেয়ে আমি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে ‘জয় বাংলা’ লেখা থাকায় কারা এর সঙ্গে জড়িত, তা অনুমান করা কঠিন নয়।

এনসিপির রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। 

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।