স্টাফ রিপোর্টার :রাজশাহীর মোহনপুরে ফসলি জমিতে পুকুরখননে বাধা দেওয়ায় আহমেদ জুবায়ের (২২) নামের এক যুবককে এস্কেভেটর চাপায় হত্যার ঘটনায় বিপ্লব হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত মধ্যরাতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওয়াপদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বিপ্লব জেলার মোহনপুরের বাকশিমইল ইউনিয়নের ধাতুড়িয়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার রাজশাহী র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গ্রেফতার বিপ্লব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাকে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।।
প্রসঙ্গত, সম্প্রতি মোহনপুরের ধুরইল ইউনিয়নের বড় পালসা বিলে কৃষকদের জমি দখলে নিয়ে পুকুর কাটতে শুরু করেছিল একটি চক্র। গত ১৭ ডিসেম্বর রাতে পুকুর কাটার সময় শতাধিক গ্রামবাসী গিয়ে বাধা দেন। এসময় এস্কেভেটর চালক আবদুল হামিদ মেশিনের বাকেট দিয়ে আঘাত করলে আহত হয়ে পড়ে যান আহমেদ জুবায়ের। পরে শরীরের ওপর মেশিন তুলে দেয় চালক হামিদ। এতে ঘটনাস্থলেই জুবায়েরের মৃত্যু হয়। পরে স্থানীয়রা হামিদকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মোহনপুর থানায় হত্যা মামলা করেন। এতে সাতজনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়। এ মামলার আসামিদের মধ্যে শুধু হামিদকে আটক করেছিল পুলিশ। সর্বশেষ বিপ্লবকে গ্রেফতার করা হলো।
মোহনপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, আমরা ঘটনার দিন এস্কেভেটর চালককে ঘটনার পর আটক করেছিলাম। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।