স্টাফ রিপোর্টার : পদ্মার উজানে ভারতের দেওয়া ফারাক্কা বাধ বাংলাদেশে জন্য ‘কারবালা’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, পানির নায্য হিস্যা না পাওয়ার কারণে বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী কলেজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা। এর আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
উপদেষ্টা বলেন, মওলানা ভাসানী ৯০ বছর বয়সে ফারাক্কা মার্চ করেছিলেন আজকের এই দিনে। ভারতের সঙ্গে তো আমরা আবার চুক্তি করছি, চুক্তি সাইন করব এবং যদি আমরা ঠিকমতো পানি না পাই, তাহলে দরকার হলে আমরা আন্তর্জাতিকভাবেও এটা নিয়ে যাব। তিনি বলেন, যে ক্লসগুলো আছে ফারাক্কা চুক্তিতে, সেটা আমরা আদায় করার চেষ্টা করব।
উপদেষ্টা বলেন, ফারাক্কার কারণে আমাদের দেশের ৬ কোটি মানুষ সরাসরি, কিন্তু পরোক্ষভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত। জীবন-জীবিকা, খাদ্য, মাছ, জলজ-প্রাণী সবকিছু ধংস হয়ে গেছে। পানি শুকিয়ে গেছে। ফারাক্কা এই দেশে কারবালা তৈরি করেছে। কাজেই এই বিচার আমরা চাইব। সরকার হিসেবে আমরা চাপ সৃষ্টি করব। এই চাপ থাকবে। সেভাবেই আমরা চুক্তি নবায়ন করব বলে উল্লেখ করেন উপদেষ্টা ফরিদা আখতার।