স্টাফ রিপোর্টার : ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসল্লীদের ওপর নৃশংস গণহত্যা, বর্বোরচিত হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহী নগরজুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে নগরজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের অংশগ্রহনে এ কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ শেষে ফিলিস্তিনিদের জন্য দোয়ার আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরাইলী সব পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
সকাল থেকে পৃথকভাবে এ আন্দোলনে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী মুহাম্মদীয়া যুব সুন্নীর শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী সহ মুসুল্লিরা।
বিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে গণহত্যার দায়ে মুছে ফেলার আহ্বানও জানান তারা। তারা আরও বলেন, আমেরিকার মতো যেসব দেশ এমন গণহত্যা দেখেও নিশ্চুপ, তাদের বয়কট করতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলো নীরবে গণহত্যার সমর্থন দিয়ে যাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। অবিলম্বে মুসলিম দেশগুলোকে এককাতারে এসে এ গণহত্যার প্রতিবাদের আহ্বান জানান আন্দোলনকারীরা।
এর আগে দেশজুড়ে সকল প্রতিষ্ঠানের দাফতরিক কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। এরই অংশ হিসেবে সোমবার দিনব্যাপী আন্দোলনে রাজপথে নামেন মুসল্লীসহ সাধারণ মানুষ।
এদিকে গাজায় চলমান জেনোসাইড-ধ্বংসযজ্ঞে মানবতার এই চরম বিপর্যয়ের প্রেক্ষিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করছে।
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে রুয়েট পরিবার জানায়, গাজায় চলমান গণহত্যা বন্ধে বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের জাগরণ এখন সময়ের দাবি।
বিশ্ব যখন উন্নয়ন, বিজ্ঞান ও মানবকল্যাণে অগ্রসর হচ্ছে, তখন একটিমাত্র ভূখণ্ডে অবরুদ্ধ লক্ষ লক্ষ মানুষÑবিশেষ করে নারী ও শিশুÑনিপীড়নের শিকার হচ্ছে। এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়; এটি মানবিকতার প্রশ্ন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানবতা, ন্যায়বিচার ও শান্তির পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করে। আমরা বিশ্বাস করি, গাজা ও পৃথিবীর প্রতিটি মানুষের জীবনের সমান মূল্য রয়েছে।