৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

ফ্যাসিস্ট আমলে সারাদেশে সাংবাদিকদের কণ্ঠ বেঁধে রাখা হয়েছিল : চাঁদ

Admin Published: March 4, 2026, 5:48 pm
ফ্যাসিস্ট আমলে সারাদেশে সাংবাদিকদের কণ্ঠ বেঁধে রাখা হয়েছিল : চাঁদ

স্টাফ রিপোর্টার : বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেঁধে রাখা হয়েছিল, স্বাধীন ভাবে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি বলেন ফ্যাসিস্ট আমলে সারাদেশের গনমাধ্যমকে গলা চেপে ধরে রাখা হয়েছিলো।

বুধবার দুপুরে রাজশাহীর চারঘাটে প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ এখন পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে। আমার বা আমার দলের ভুল হলে সেগুলোও তাদের লিখনীর মাধ্যমে তুলে ধরা হোক। এতে আমরা সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো।

তিনি বলেন, ‘আমি আপনাদের এলাকার এমপি হিসেবে আপনাদের অভয় দিয়ে জানাতে চাই। আপনারা আমার ও আমার নেতাকর্মীরা ভুল করলে সেটাও তুলে ধরেন’। আমি চাই চারঘাট-বাঘায় সব ধরণের অন্যায়, অবিচার দুর করে শান্তির প্রতিষ্ঠা করতে।

অবৈধভাবে পুকুর খননে যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে চাঁদ বলেন, মাদক ও অবৈধ পুকুর খননের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষণা করেছি। এগুলো বন্ধ করতে আমি সাংবাদিকদের পাশে চাই। আমি এমপি হয়েও যদি কোন ধরণের ভুলভ্রান্তি করি। আপনারা স্বাধীনভাবে সেগুলোও লিখেন। কয়েকদিন চারঘাটের সিপাইপাড়া এলাকায় বিএনপি নেতা খুনের ঘটনায় ন্যায়, নিষ্ঠ ও সততার সঙ্গে সঠিক বিষয়টি সাংবাদিকদের তুলে ধরার আহ্বান জানান তিনি। এসময় তিনি চারঘাট প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানসহ সার্বিক বিষয়ে সব সময় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতি ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজমুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু প্রমুখ।