৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

গাছে পেরেক ঢুকিয়ে ফেস্টুন লাগানোয় বিএনপি প্রার্থীকে শোকজ

Admin Published: January 31, 2026, 6:18 pm
গাছে পেরেক ঢুকিয়ে ফেস্টুন লাগানোয় বিএনপি প্রার্থীকে শোকজ

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিভিন্ন এলাকায় গাছে গাছে পেরেক ঠুকে পোস্টার ও ফেস্টুন সাঁটানো এবং আচরণবিধি লঙ্ঘন করে তোরণ নির্মাণের অভিযোগে বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমানকে শোকজ করা হয়েছে। রাজশাহীর সিভিল জজ এবং নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান নওশীন মাহবুব শনিবার এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে আজ রবিবার দুপুর আড়াইটায় স্বশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড় এলাকায় রাস্তার ওপর তোরণ নির্মাণ করে ধানের শীষের ব্যানার ঝুলিয়ে প্রচারণা চালানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় আসাদুল্লাহ আল ফিরোজ লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ২৭ জানুয়ারি সরেজমিনে তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পায় বিচারিক কমিটি।

এছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীর আরেক সমর্থক আবদুল গাফফার পৃথক অভিযোগে জানান, উপজেলার উত্তর একডালা, দ্বীপপুর, চকেরমোড়, সোনাডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় গাছে পেরেক ঢুকিয়ে ধানের শীষের ফেস্টুন টাঙানো হয়েছে। তদন্তে গোয়ালকান্দির রামরামা ও তাহেরপুর এলাকাতেও গাছ ও বিদ্যুতের খুঁটিতে ফেস্টুন ঝুলতে দেখা যায়। একই সঙ্গে বিভিন্ন ভবনে ব্যানার ঝোলানোর বিষয়ও নজরে আসে।

বিচারিক কমিটির প্রতিবেদনে এসব কর্মকাণ্ড নির্বাচন আচরণবিধিমালা লঙ্ঘন বলে উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ কেন করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট শামসুজজোহা সরকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই লিখিত জবাব দেওয়া হবে। তিনি দাবি করেন, ভবানীগঞ্জ গোডাউন মোড়ে আগে থেকেই একটি পুরোনো তোরণ ছিল, সেখানে ব্যানার টাঙানো হয়েছিল, যা পরে অপসারণ করা হয়।