১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

গাজাবাসীর জন্য সহায়তার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

Admin Published: October 4, 2026, 6:10 pm
গাজাবাসীর জন্য সহায়তার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

ডিএনএন ডেস্ক: গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে সৃষ্ট ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা তুলে ধরতে আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করেছেন তিনি।


ছবিগুলোর সঙ্গে দেওয়া দীর্ঘ পোস্টে গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পোস্টে ইসরায়েলের নাম উল্লেখ না করে জোলি লেখেন, ‘এখন গুগল আর্থ খুলে দেখলেই বোঝা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।



’

গাজার বিভিন্ন এলাকার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘পুরো পাড়া-মহল্লা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’ মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোর বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।


বিশ্বখ্যাদ এই অভিনেত্রীর দাবি, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।


তবে ত্রাণ ও আশ্রয় নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে এখনো বিভিন্ন ধরনের বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে বলে জানান তিনি।


ওই পোস্টে স্যাটেলাইট ছবির প্রসঙ্গে জোলি বলেন, ‘গুগল আর্থ অসাধারণ স্পষ্টতার সঙ্গে ধ্বংসযজ্ঞের চিত্র দেখাচ্ছে।’

শীতের আগে গাজার মানুষের জন্য জরুরি ভিত্তিতে আশ্রয়ের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন অ্যাঞ্জেলিনা জোলি। পাশাপাশি প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছানো এবং হাসপাতালগুলোতে চিকিৎসাসামগ্রী সরবরাহ নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।


শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের দুর্দশা নিয়ে এর আগেও সরব হয়েছেন জোলি। দীর্ঘদিন জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার সঙ্গে কাজ করা এই অভিনেত্রী বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলের মানবিক সংকট নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছেন।