১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

ঘন কুয়াশায় ঢেকেছে রাজশাহী

Admin Published: December 9, 2024, 12:24 pm
ঘন কুয়াশায় ঢেকেছে রাজশাহী

স্টাফ রিপোর্টার : উত্তরের জেলা রাজশাহী ঢেকেছে ঘন কুয়াশায়। সঙ্গে নেমেছে শীত। ভোরের প্রকৃতি ঢেকেছে। সোমবার রাজশাহী নগরী ও জেলায় এমন দৃশ্য দেখা গেছে। এদিন সুর্য্যরে দেখা মেলেনি এ অঞ্চলে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় কাঁপছে মানুষ। 

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর ৬টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  এর আগের দিন শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানায়, গত এক সপ্তাহ ধরেই রাজশাহীতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।

এদিকে রাজশাহী নগরের ফুটপাতের গরম কাপড়ের দোকান বসেছে। সেখানে ভিড় বাড়ছে মানুষের। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় অনেকেই গরম কাপড় কিনতে পারছে না। ফলে শীতে কষ্ট পাচ্ছেন নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষ। তাদের জন্য এখনও পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র নিয়ে আসেনি কেউ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, ‘এখন কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে। তবে এখনই শৈত্যপ্রবাহের কোন পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।’

এদিকে শীত নামলেও রাজশাহীতে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দীন আল ওয়াদুদ বলেন, ‘আমাদের এখনও শীতবস্ত্র বরাদ্দ আসেনি। বরাদ্দ আসলে জেলার সবখানেই তা বিতরণ করা হবে।’