২ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

গণমাধ্যমে নারীর ইতিবাচক উপস্থাপনার ওপর গুরুত্বারোপ

Admin Published: February 24, 2026, 6:03 pm
গণমাধ্যমে নারীর ইতিবাচক উপস্থাপনার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নারীদের অধিকার, সুরক্ষা ও গণমাধ্যমে ইতিবাচক উপস্থাপনার উপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার রাজশাহীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘ভাষায় লিঙ্গীয় বৈষম্য’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংগঠন ‘নারীপক্ষ’। 

সভায় সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং নারী অধিকার বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা করা হয়। বিশেষ করে গণমাধ্যমে বৈষম্যমূলক উপস্থাপনা বর্জন করে নারীর ইতিবাচক ও সাহসী ভাবমূর্তি তুলে ধরার কথা জানানো হয়। এছাড়া নারী অধিকারের পক্ষে জনমত তৈরিতে কাজের ক্ষেত্র ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। 

মতবিনিময় সভায় জানানো হয়, নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে নারীর অবস্থা ও অবস্থান পরিবর্তনের লক্ষ্যে নারীর অধিকার নিশ্চিত করা ও নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে কাজ করছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি মঙ্গলবার সদস্যরা সভায় বসছেন। এই সভা নারীর নিজস্ব কথা বলার একটি জায়গা এবং নারীপক্ষ’র সকল তৎপরতা ও আন্দোলনের কেন্দ্রস্থল। সভায় আরো জানানো হয়, নারী আন্দোলনের একটি শক্তিশালী স্বতন্ত্র মঞ্চ তৈরির জন্য দেশব্যাপী গড়ে তেলা হয়েছে নারী সংগঠনসমূহের নেটওয়ার্ক ‘দুর্বার’। 

মতবিনিময় সভায় পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর মর্যাদা এবং অধিকার নিশ্চিত করার নানা বিষয়ে আলোকপাত করা হয়। এছাড়া নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য অধিকার এবং আইনি সুরক্ষা বিষয়ে গণমাধ্যমকে অবহিত করা হয়। এসব বিষয়ে ভিডিও ক্লিপিং উপস্থাপন করা হয়।

সভায় ‘ভাষায় লিঙ্গীয় বৈষম্য’ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন তথ্য-উপাত্ত ও বিশ্লেষন উপস্থাপন করেন নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস। এছাড়া নারী পক্ষের সদস্য কামরুন নাহার, ফেরদৌসি আখতার ও প্রকল্প কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডু নানা বিষয়ে আলোকপাত করেন। সভায় রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন সাংবাদিক অংশ নেন।