২ কার্তিক, ১৪৩৩
১৭ অক্টোবর, ২০২৬

গণশুনানিতে তাৎক্ষণিক সহযোগিতা, খুশি সাধারণ মানুষ

Admin Published: August 19, 2026, 10:41 pm
গণশুনানিতে তাৎক্ষণিক সহযোগিতা, খুশি সাধারণ মানুষ

স্টাফ রিপোর্টার: ‘জনসেবার জন্য প্রশাসন’—এই প্রত্যয় সামনে রেখে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতি বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত গণশুনানিতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতার ব্যবস্থা করছেন।


গণশুনানিতে জমিজমা-সংক্রান্ত সমস্যা, চিকিৎসা ব্যয় ও চিকিৎসা সহায়তা, শিক্ষাসহায়তা, ঘর মেরামতসহ বিভিন্ন ব্যক্তিগত ও সামাজিক সমস্যা নিয়ে মানুষ জেলা প্রশাসকের কাছে আসছেন। সরাসরি জেলা প্রশাসকের কাছে গিয়ে নিজেদের সমস্যার কথা বলতে পারায় স্বস্তি ও আশাবাদ প্রকাশ করেছেন অনেকে।



গণশুনানিতে স্বামীর চিকিৎসার জন্য সহযোগিতা চাইতে আসেন শামীমা সুলতানা। তিনি বলেন, ‘আমি ভাবতেই পারিনি এত সহজে ডিসি সাহেবের সঙ্গে দেখা করা যায়। তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার স্বামীর চিকিৎসার জন্য তাৎক্ষণিক সহযোগিতা করেছেন। এতে আমি খুবই উপকৃত হয়েছি।’


নিজের বসতঘরের সমস্যার কথা জানাতে আসেন মো. শাহজাহান আলী। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁর ঘরের বিভিন্ন স্থান দিয়ে পানি পড়ছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেও সহযোগিতা পাননি। পরে জেলা প্রশাসকের গণশুনানিতে বিষয়টি জানালে ঘর মেরামতের জন্য সহযোগিতার ব্যবস্থা করা হয়।



এক শিক্ষার্থী বই কেনার জন্য সহযোগিতা চাইতে জেলা প্রশাসকের কাছে আসে। ওই শিক্ষার্থী বলেন, ‘আমি বইয়ের জন্য এসেছিলাম। কিন্তু ভাবতে পারিনি স্যার আমার কথা শুনে আমাকে বই কেনার জন্য সহযোগিতা করবেন। তিনি ভবিষ্যতে কোনো প্রয়োজন হলে যোগাযোগ রাখতেও বলেছেন।’


গণশুনানিতে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, জেলা প্রশাসকের সরাসরি তাঁদের কথা শোনা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ায় প্রশাসনের প্রতি তাঁদের আস্থা বাড়ছে। তাঁরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব হলো সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা। একজন মানুষ যখন তাঁর সমস্যা নিয়ে প্রশাসনের কাছে আসেন, তখন তাঁর কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিধি অনুযায়ী যতটা সম্ভব দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া আমাদের দায়িত্ব। গণশুনানির মাধ্যমে মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা বলার সুযোগ পাচ্ছেন। মানুষের ভোগান্তি কমিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’


গণশুনানিতে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাইসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসকের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন গণশুনানিতে আসা সাধারণ মানুষ। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও এভাবে সরাসরি মানুষের কথা শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ধারা অব্যাহত থাকবে।