স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে কোনো প্রকার প্রচারণা করবে না। তারা শুধু ভোটারদের গণভোটে অংশগ্রহনের জন্য উদ্বুদ্ধ করবে।শুক্রবার রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে আযোজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এহছানুল হক বলেন, নির্বাচন কমিশন নির্দেশনা দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোন পক্ষের হয়ে প্রচারে অংশ নেবে না। এসময় একটি নিরপেক্ষ ভোট আয়োজন এবং ভোটাররা যাকে ভোট দেবে তেমন সরকার প্রতিষ্ঠার জন্য গণভোটের ব্যাপক প্রচারে সরকারের সাথে সম্পৃক্ত হতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাজশাহীর বিভিন্ন দফতরের কর্মরত প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এর আগে সচিব রাজশাহীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন দফতরসমূহের কর্মকর্তাদের সাথে সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা বিষয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রশাসক আফিয়া আখতার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমান, পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী, বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন এবং সংশ্লিষ্ট কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
এ সময় গ্রামের মহিলারা যেন গণভোটের বিষয়টা বুঝতে পারে এবং ভোট দিতে পারে সে বিষয়টা মাথায় রেখে গণভোটের প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশনা দেন জনপ্রশাসন সচিব।