৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীর গ্রামে বৃদ্ধা খুন, গলাকাটা লাশ উদ্ধার

Admin Published: August 31, 2025, 5:51 pm
গোদাগাড়ীর গ্রামে বৃদ্ধা খুন, গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে বৃদ্ধা খুন হয়েছেন। ফাঁকা বাড়িতে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার দিনের যে কোন সময় এ ঘটনা ঘটে। রাতে উপজেলার পালপুর মালিগাছা গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম মারেজান বেগম (৬২)। তার স্বামীর নাম নজরুল ইসলাম।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগমের মেয়েদের বিয়ে হয়ে গেছে। অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে গেছেন তার স্বামী নজরুল ইসলাম। বাড়িতে একাই ছিলেন মারেজান বেগম। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী তার বাড়িতে গিয়ে ঘরে গলাকাটা অবস্থায় মারেজানের লাশ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) আলামত সংগ্রহ করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি রাতেই রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। রবিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ পরিদর্শক জানান, শনিবার সকাল ১০টার দিকে ওই নারীকে বাড়ির বাইরে দেখেছেন প্রতিবেশীরা। তারপর তাকে কেউ দেখেননি। তারা ধারণা করছেন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় খুনের ঘটনা ঘটেছে। তবে কেন এই হত্যাকাণ্ড সে ব্যাপারে তারা এখনও কিছু জানতে পারেননি। এ ব্যাপারে তদন্ত চলছে।

এ ব্যাপারে নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে বলেও জানান তিনি।