৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

গোদাগাড়ীর গ্রামে কলেজ অধ্যক্ষের বাড়ির প্রাচীর ভেঙে একাংশ দখলের অভিযোগ

Admin Published: December 5, 2025, 4:47 am
গোদাগাড়ীর গ্রামে কলেজ অধ্যক্ষের বাড়ির প্রাচীর  ভেঙে একাংশ দখলের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীর আলোকছত্র গ্রামে কলেজ অধ্যক্ষের বাড়ির প্রাচীর ভেঙে একাংশ দখল করে নিয়েছে ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর রবিউল ইসলাম। বুধবার প্রকাশ্যে ক্ষমতার দাপট দেখিয়ে তানোরের তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নজরুল ইসলামের বাড়ির অন্তত সোয়া তিন শতাংশ জায়গা দখলে নিয়েছেন তিনি।

গোদাগাড়ী ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর রবিউল একই গ্রামের বাসিন্দা ও কলেজ অধ্যক্ষের ভাজিতা। পারিবারির বিরোধের জের এ কান্ড ঘটিয়েছে বলে অভিযোগ কলেজ অধ্যক্ষের। এ ব্যাপারে তিনি জেলার গোদাগাড়ী থানায় সাধারণ ডায়েরি ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। গোদাগাড়ীর ইউএনওকেও বিষয়টি অবহিত করেছেন।

অভিযোগে অধ্যক্ষ নজরুল ইসলাম উল্লেখ করেন, শিক্ষাগত যোগ্যতার জাল সনদে ইউএনও অফিসের কম্পিউটার অপারেটর পদে চাকরি পাওয়ার পর থেকে দাপট বেড়েছে রবিউলের। তার বিরুদ্ধে ইউএনও অফিসের দাপট দেখিয়ে ভূমিহীনদের সরকারী বাড়ি করে দেয়া ও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের একাধিক অভিযোগ রয়েছে।

নজরুল ইসলাম অভিযোগ করেন, রবিউল আলোকছত্র গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে। তার ক্ষমতা ও অর্থ সম্পদের দাপটে এলাকাবাসী অসহায়। নিজ গ্রামে সবসময় অস্থির পরিবেশ তৈরি করে রাখে। পারিবারিক কলহের জের ধরে বুধবার দলবল নিয়ে তার বাড়ির মাটির প্রাচীর ভেঙ্গে একাংশ দখল করে নেন রবিউল। প্রতিবাদ করতে গেলে জানে মেরে ফেলারও হুমকিও দেওয়া হয়।তার হুমকিকে অসহায় হয়ে পড়েছেন কলেজ অধ্যক্ষ নজরুল ইসলাম।

তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে, রবিউল ইসলাম বাড়ির অংশ দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, চাচার সঙ্গে বাড়িভিটা নিয়ে বিরোধ রয়েছে। তার বাড়ির অংশ রোডসাইডে, আমাদের পেছনে। কথামত আমরাও রোডসাইডে আসতে চাই, সেই সুযোগ রয়েছে। এ বিষয়ে একাধিকবার বসা হয়েছে তবে সুরাহা হয়নি। আগামী শনিবারও বিষয়টি নিয়ে বসার দিন রয়েছে বলেও জানান তিনি। জাল সনদে চাকরি নেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন।