স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে চাঞ্চল্যকর ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল হত্যা মামলার সাত আসামীকে দিনাজপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের নবাবগঞ্জ থানার হায়াতপুর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ীর দেলশাদপুর গ্রামের আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০), সাদ্দাম হোসেন (৩৭), আকবর আলী (২৮), বাবার আলী (১৯), মো. হানিফ (২৯) ওরমজান আলী (২০)।
বুধবার সকালে রাজশাহী র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ জুলাই বিকেলে জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭)। তিনি আইহাই গ্রামের সাগরা মোড়ে পৌছালে আসামীরা পূর্ব শক্রুতার জেরে তার ওপর পরিকল্পিত হামলা চালায়। হাতুড়ী, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে তার উপর হামলা করে। পরে স্থানীয়রা মনিরুলকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় নিহত মনিরুলের স্ত্রী বাদী একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে গতরাতে দিনাজপুর জেলার হায়াতপুর পূর্বপাড়া গ্রাম থেকে সাত আসামীকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হবে বলে র্যাব জানিয়েছে।