গোদাগাড়ী প্রতিনিধি: 'জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা' স্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জুলাই ঘোষণাপত্রের দাবিতে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। গোদাগাড়ী বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ (শনিবার) বিকেল চারটায় উপজেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির রাজশাহী মহানগর প্রতিনিধি মোবাশ্বের আলী, মহানগর ছাত্র প্রতিনিধি আল আশরারুল ইমাম (তানিম) রাজশাহী জেলা ছাত্র প্রতিনিধি নাহিদুল ইসলাম সাজু, গোদাগাড়ী উপজেলার নাগরিক কমিটির প্রতিনিধি মরিয়ম সরকার এবং ছাত্র প্রতিনিধি ইউসুফ আলীসহ আরও অনেকেই।
বিতরণ করা লিফলেটে জুলাইয়ের ঘোষণাপত্রে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে; যার মধ্যে রয়েছে, শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহত ব্যক্তিদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা; ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা; অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা; ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা এবং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া।
এই কর্মসূচির আয়োজকরা জানান, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন দেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তারা আরও বলেন, জুলাই ঘোষণাপত্রের দাবিগুলো যদি বাস্তবায়ন করা হয়, তবে দেশের সাধারণ মানুষের অনেক সমস্যার সমাধান হবে।
নাগরিক কমিটির প্রতিনিধি মরিয়ম সরকার বলেন, "জুলাই ঘোষণাপত্র দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী পদক্ষেপ। এর বাস্তবায়ন হলে সুশাসন, গণতন্ত্র এবং নাগরিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে এ ঘোষণাপত্রের বাস্তবায়ন নিশ্চিত করা হোক।"
তিনি আরও বলেন, "এই কর্মসূচির মাধ্যমে আমরা সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। এটি একটি জনতার আন্দোলন, যা দেশের উন্নয়ন ও সুশাসনের জন্য অত্যন্ত জরুরি।"
কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের সদস্যরা বাজার, বাসস্ট্যান্ড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন। এতে ঘোষণাপত্রের গুরুত্ব এবং এর দাবি বাস্তবায়নের মাধ্যমে কীভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব, তা তুলে ধরা হয়।