৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

গোদাগাড়ীতে শিহাব খুনের মামলায় যুবক গ্রেফতার

Admin Published: November 5, 2025, 6:15 pm
গোদাগাড়ীতে শিহাব খুনের মামলায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : প্রেমের কারণে রাজশাহীর গোদাগাড়ীতে শিহাব আলী (১৭) নামের কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার যুবকের নাম কলিম (৩২)। সে গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের বাসিন্দা। বুধবার রাজশাহী র‌্যাব এ তথ্য জানিয়েছে।

র‌্যাব জানায়, উপজেলার বসন্তপুর গ্রামের কিশোর শিহাব আলীর সঙ্গে ফেসবুকে ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সুত্র ধরে গত ২০ অক্টোবর প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে প্রেমিকা কিশোরীর কয়েকজন প্রতিবেশী শিহাবের পথরোধ করে। পরে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে শিহাবকে এলোপাতাড়ি পেটাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শিহাব প্রাণরক্ষায় পাশের পুকুরে ঝাঁপ দেয়। এরপরও তাকে পুকুর থেকে তুলে পিটিয়ে ফেলে রাখা হয়। 

পরে এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর তার আর জ্ঞান ফিরেনি। ১৩ দিন অচেতন থাকার পর ১ নভেম্বর মারা যায় শিহাব। এ ঘটনায় শিহাবের বাবার দায়ের করা মামলায় কলিমকে মঙ্গলবার উপজেলার রাজাবাড়ীহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান চলছে বলেও জানানো হয়েছে।