স্টাফ রিপোর্টার : হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজশাহী জেলা পুলিশ।বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার ফারজানা ইসলাম মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেন। এ সময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এটিএম মাইনুল ইসলাম ও জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা পুলিশ সূত্র জানায়, জেলার ৮ থানায় ফোন হারানো ৬০ জন ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা রাজশাহী ৬০ টি মোবাইল ফোন উদ্ধার করেন। এসব ফোনের মধ্যে রয়েছে- ভিভো ১৩ টি, স্যামস্যাং ৫ টি, শাওমি ১০ টি, রিয়েলমি ১০ টি, ইনফিনিক্স ২ টি, আইটেল ২ টি, টেকনো ৪ টি, ওপ্পো ৬ টি , মটোলোলা ৩ টি ছাড়াও ওয়ালটন, সিম্ফনি, জিডিএল, নাথিংও গুগল পিক্সেল একটি করে।
রাজশাহীর পুলিশ সুপার, ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকের কাছে উদ্ধার করা ফোন ফিরিয়ে দেওয়া পুলিশের একটি সাফল্য। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। এদিকে হারানো ফোন ফিরে পেয়ে রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।