৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউনে’ রামেকে দুর্ভোগে রোগীরা

Admin Published: February 25, 2025, 5:00 pm
ইন্টার্ন চিকিৎসকদের ‘কমপ্লিট শাটডাউনে’ রামেকে দুর্ভোগে রোগীরা

স্টাফ রিপোর্টার: পাঁচদফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত থাকায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা ভোগান্তিতে পড়েছেন। উত্তরবঙ্গের বৃহৎ এই হাসপাতালটিতে ইন্টার্ন চিকিৎসকেরা দিনরাত পালা করে ডিউটি করে থাকেন। তবে তাদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন রোগীরা।

ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, দাবি আদায় না হলে তারা ওয়ার্ডে ফিরবেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইন্টার্ন চিকিৎসকেরা না থাকার কারণে রোগীদের দুর্ভোগ হচ্ছে- এটা ঠিক। তবে অন্য চিকিৎসকদের দিয়ে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। গত রবিাবর থেকে তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। সর্বশেষ নিজেদের দাবি আদায়ে ইন্টার্ন চিকিৎসকেরা মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন। রাজশাহী মেডিকেল কলেজের সামনে তারা এই বিক্ষোভ করেন। এতে একাত্মতা ঘোষণা করে অংশ নেন রাজশাহী মেডিকেল কলেজের অন্য শিক্ষার্থীরাও।

মানববন্ধন থেকে এমবিবিএস কিংবা বিডিএস ডিগ্রী ব্যতিত কেউ নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করা, বিএমডিসির বিরুদ্ধে করা রিট দ্রুত প্রত্যাহার, আন্তর্জাতিক মান অনুযায়ী ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করা, স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করা, এমটিএস ও নিন্মমানের মেডিকেল কলেজ বন্ধ করা ও চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান।

সমাবেশে রামেক হাসপাতাল ইন্টার্ন চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মো. আব্দুল্লাহ বলেন, দাবি পূরণে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে আশ্বাস পাওয়া যায়নি। দাবি আদায় না হলে তারা কাজে ফিরবেন না।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগীদের কিছুটা দুর্ভোগ হচ্ছে। তবে ইন্টার্ন চিকিৎসকদের দাবি যৌক্তিক। তাদের দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। আমরা অন্য চিকিৎসকদের দিয়ে হাসপাতাল চালাচ্ছি।