৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

জামায়াত নারীদের পন্য মনে করে ঘরবন্দি রাখতে চায় : মিলন

Admin Published: February 2, 2026, 6:40 pm
জামায়াত নারীদের পন্য মনে করে  ঘরবন্দি রাখতে চায় : মিলন

স্টাফ রিপোর্টার : জামায়াতে ইসলামী নারীদের পণ্য মনে করে ঘরে বন্দি করে রাখতে চাই মন্তব্য করে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে অনেকবার বাজে কথা ও  কুরুচিপূর্ণ  মন্তব্য করেছেন, অথচ তার স্ত্রীও একজন কর্মজীবী নারী। তিনি বলেন, জামায়াত জনগণের জন্য নয়, নিজেদের প্রতিষ্ঠান বাঁচাতে রাজনীতি করে।

সোমবার পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নে জনসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। মিলন বলেন, জামায়াত সম্পূর্ণভাবে নারী বিদ্বেষী একটি দল। চলতি জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোন নারী প্রার্থী নাই। কারণ তারা নারীদেরকে সর্বদা গৃহবন্দী করে রাখতে চায় এবং নারীদের পণ্য মনে করে।  

এই দল (জামায়াত) কখনো ক্ষমতায় আসলে আফগানিস্তানে নারীদের যে অবস্থা সে অবস্থার সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তিনি। এজন্য দলমত নির্বিশেষে দেশ বিরোধী দলকে ভোট না দেওয়ারও আহ্বান জানান তিনি।

মিলন বলেন, নারী-পুরুষ সকলের সমান অধিকার রয়েছে। যার যার ধর্ম অনুযায়ী সে কাজ করবে। নারীরা বাড়ির বাইরে আসলে খারাপ হয়ে যায় এই ভ্রান্ত ধারণা বিএনপি কখনো করে না। কারণ বিএনপি চেয়ারপারসন ছিলেন একজন নারী। এজন্য নারীর অধিকার এবং নারীর ক্ষমতায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। যে দেশে প্রায় অর্ধেক নারী সে দেশে নারীকে বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়-উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, পবা-মোহনপুর এলাকায় রাস্তাঘাট এর কোন উন্নয়ন হয়নি । বিএনপি শাসনামলে যেসব রাস্তাঘাট  হয়েছে সেগুলোই রয়ে গেছে। এ রাস্তাঘাটগুলো সংস্কারের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে বিগত পতিত সরকারের দোসরা। তারা কাজ না করেই অর্থ লোপাট করেছে।

মিলন বলেন, পবা-মোহনপুরের  শিক্ষার উন্নয়নে গুরুত্ব দেয়া  হবে। সেই সাথে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। বিএনপির চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন করা হবে।

গণসংযোগে দর্শনপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম মাস্টার, রাজশাহী  মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, দর্শনপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান রমজান আলী, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানি সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।