৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

জামায়াতে ইসলামী রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করছে : মিলন

Admin Published: January 26, 2026, 5:59 pm
জামায়াতে ইসলামী রাজনীতির  নামে ধর্ম নিয়ে ব্যবসা  করছে : মিলন

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনে বিএনপি প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, জামায়াতে ইসলামী রাজনীতির নামে ধর্ম নিয়ে ব্যবসা করছে। তারা মানুষকে বিভ্রান্ত করছে। ধর্মের নামে বেহেশতের টিকিট বিক্রি করছে। তিনি বলেন, মানুষ বেহেশত না দোজখ পাবে, তা একমাত্র আল্লাহ জানেন। তাই তাদের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি নেতা।

সোমবার রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের আফিনেপাল পাড়া এলাকায় প্রচারণাকালে কৃষকদের সঙ্গে নির্বাচন নিয়ে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন প্রতিশ্রতির কথা তুলে ধরে মিলন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উল্লেখযোগ্য। কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। তিনি জানান, পবা-মোহনপুর কৃষিপ্রধান এলাকা হওয়ায় এখানে কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের লক্ষ্যে একটি ইপিজেড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে।

স্থানীয় অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রতি দিয়ে তিনি বলেন, এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। নির্বাচিত হলে প্রতিটি রাস্তার সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করা হবে।

মিলন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে পতিত সরকার জনগণের ওপর অন্যায়-অত্যাচার চালিয়েছে। বিএনপির বহু নেতাকর্মী হত্যা, গুম ও মামলার শিকার হয়েছেন। দেশের অর্থ বিদেশে পাচার করে রাষ্ট্রকে দুর্বল করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বিদেশে অবস্থান করে এখনো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন।

প্রচারণাকালে তার সঙ্গে হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাব উদ্দিন, সদস্য সচিব মোতাহার আলী, যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মুজাদ্দেদ জামানী সুমন, যুবদল পবা উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, সদস্য মাজদার রহমান ও স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#