স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচন ছাড়া কোন নির্বাচন বিএনপি মেনে নেবেনা উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট ফজলুর রহমান বলেছেন, জনগণকে রক্ষা করতে বিএনপিকে শক্ত পিলার হিসেবে দাঁড়তে হবে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি হাসিনা পালিয়ে যাওয়ায় দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।
সোমবার বিকেলে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃংখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি’র পঁচিশ হাজার নেতাকর্মী একসাথে জেল খেটেছে। জেল থেকে জামিনে বেড়িয়ে বাড়িতে যাওয়ার সময় মিছিল দেখে আবারও মিছিলে যোগ দিয়ে পুণরায় আটক হয়েছে। তিনি বলেন, পতিত সরকারকে দেশ বিতারিত করতে এবং তত্বাবধায়ক সরকারের দাবীতে আন্দোলন করার জন্য ইলিয়াস আলীর মত বারশত নেতাকে গুম করা হয়েছে।
প্রধান অতিথি বলেন, বিএনপি দীর্ঘ ষোল বছর সরকার পতন এবং তত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। বিএনপি এই আন্দোলনের ধানের বীজ বপন করেছে, বড় করেছে, ধান পাকিয়েছে। আর সেই ধান কেটে নিয়েছে ছাত্র-জনতা ৫ আগস্টের হাসিনা পতনের মধ্যে দিয়ে। আর এতেই তারা মনে করছে সব কিছু তারাই করে নিয়েছে। এটা কোন দিনও হতে পারেনা।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।
রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অবসর প্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন প্রমুখ।