৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

জাতীয় টাইফয়েড ক্যাম্পেইনে রাজশাহী নগরে ১ লাখ ৩৫ হাজার শিশুকে টিকা দেবে রাসিক

Admin Published: September 14, 2025, 6:27 pm
জাতীয় টাইফয়েড ক্যাম্পেইনে রাজশাহী  নগরে ১ লাখ ৩৫ হাজার শিশুকে  টিকা দেবে রাসিক

স্টাফ রিপোর্টার : জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় রাজশাহী মহানগরীতে শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৩৫ হাজার ১২৭ জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজশাহী সিটি করপোরেশন।

রবিবার রাজশাহী নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। সভাপতির বক্তব্যে তিনি জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় জানানো হয়, টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ কর্মসূচি পালিত হবে।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ও কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭৮টি কেন্দ্র ও কমিউনিটি পর্যায়ে ২৪০টি এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৩৫ হাজার ১২৭জন শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় বক্তারা রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণির সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশুকে এ টিকা প্রদান নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহবান জানান।

সভায় বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী উপ-পরিচালক মো. আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষা রাজশাহীর উপ-পরিচালক মো. সানাউল্লাহ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. কামরুজ্জামান, ইউনিসেফের জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডা. রেজাউর রহমান মিল্টন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উক্ত কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাসিকের বিভাগীয় প্রধানগণ ও সকল ওয়ার্ডের সচিবগণ উপস্থিত ছিলেন।