স্টাফ রিপোর্টার : জীবাশ্ম জ্বালানীতে জাপানী ব্যাংক ‘সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন’ (এসএমবিসি) এর বিনিয়োগের প্রতিবাদে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নগরীর পঞ্চবটি এলাকায় এ সামবেশ অনুষ্ঠিত হয়। পরিবেশ ও সামাজিক অধিকারের সংগঠন পরিবর্তন-রাজশাহী, ক্লিন ও বাংলাদেশ প্রতিবেশ এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, জাপানের মেগাব্যাংক সুমিতোমো মিতসুই ব্যাংকিং কর্পোরেশন (এসএমবিসি) বাংলাদেশের জ্বালানি খাতের পরিবেশ ও অর্থনীতির জন্য ভয়াবহ সংকট সৃষ্টি করছে। ক্লিন-এর প্রতিবেদনের উদৃতি দিয়ে বক্তারা বলেন, এসএমবিসি কয়লা, এলএনজি ও এইচএফও-ভিত্তিক প্রকল্পে ২৩৮ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তারা এক টাকাও বিনিয়োগ করেনি।
সমাবেশে অন্যদের মধ্যে উন্নয়ন কর্মী হাসিবুল হাসান, লিয়াকত আলী, সচেতনের সমন্বয়কারী মাহামুদ উন নবী, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন, হিসাব কর্মকর্তা পঙ্কজ কর্মকার ও প্রোগ্রাম অফিসার সোমা হাসান বক্তব্য রাখেন।
বক্তারা আরো বলেন, এসএমবিসি’র বাংলাদেশে কোনো শাখা নেই, তবুও তাদের জীবাশ্ম জ্বালানি অর্থায়নের মাধ্যমে দেশের পরিবেশ ও অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে। বক্তারা এসএমবিসি’র কাছে জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধের দাবি জানান। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে ক্ষতিপূরণ ও বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ নিশ্চিতের দাবি জানান।