ডিএনএন ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া হাটে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে মো. আরিফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ঝলমলিয়া হাটে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাশ।
অভিযানে চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়ায় মো. আরিফুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ঝলমলিয়া এলাকার মৃত জলিল মন্ডলের ছেলে। পরে জেলি মিশ্রিত ৮ কেজি চিংড়ি ধ্বংস করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে খাদ্যে ভেজালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।