স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলনে হামলার ঘটনায় রাজশাহীকে দায়ের করা দুটি হত্যাসহ মোট ৯টি মামলার অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেছে পুলিশ। মামলাগুলো তদন্ত করেছে রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এসব মামলায় অভিযুক্ত হয়েছেন মোট ৫২৯ জন।
গত কয়েকদিনে মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হয়েছে বলে বুধবার জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক।
তিনি বলেন, কয়েকদিন ধরেই একটা-দুটো করে মামলার চার্জশিট হচ্ছে। কয়েকদিনে মোট ৯টি মামলার চার্জশিট এসেছে। সংশ্লিষ্ট আদালতে সেগুলো দাখিল করা হয়েছে।
জুলাই আন্দোলনে রাজশাহীতে দুজন শহীদ হন। এ ঘটনায় দায়ের হওয়া দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, রাজশাহীর সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অন্য সাতটি মামলায় অভিযুক্ত হয়েছেন আরও ২৮৫ জন। সবমিলিয়ে অভিযুক্ত হয়েছেন ৫২৯ জন।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, শহীদ সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। আর শহীদ আলী রায়হান হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ১২৭ জন। সবমিলিয়ে দুই হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন ২৪৪ জন। অন্য ৭ মামলায় অভিযুক্ত হয়েছেন ২৮৫ জন। তদন্ত শেষে মোট ৯টি মামলায় ৫২৯ জনকে অভিযুক্ত করা হয়েছে।
তিনি বলেন, মামলাগুলো তদন্তে আমরা গুরুত্বের সঙ্গে কাজ করেছি। ৯টি মামলার প্রত্যেকটির অভিযোগ খতিয়ে দেখা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, ডিজিটাল প্রমাণসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, হত্যা ছাড়াও হামলা, ভাঙচুর, বিস্ফোরক ও অস্ত্র আইনে আসামিদের অভিযুক্ত করা হয়েছে। যাদের বিরুদ্ধে তথ্য-প্রমাণ পাওয়া গেছে, তাদেরকেই অভিযুক্ত করা হয়েছে।