স্টাফ রিপোর্টার: জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ। আলোচনা সভায় জুলাই আন্দোলনের শহিদ আলী রায়হানের বাবা মুসলিম উদ্দীন ছেলের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, তাঁর একমাত্র ছেলে চাকরি পেলে তাঁকে হজে পাঠানোর কথা বলেছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি।
শহিদ মিনারুলের স্ত্রী নূরে ইসলাম খাতুন বলেন, তাঁর স্বামী দেশের জন্য জীবন দিয়েছেন। তাঁর আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহিদ পরিবারের পাশে রাষ্ট্র ও সমাজকে থাকার আহ্বান জানান।
এ সময় জুলাই যোদ্ধা ফরিদুল ইসলাম, আল মামুন ও নাহিদুল ইসলাম সাজু আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তাঁরা শহিদদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ড. মোহাম্মদ জাহাঙ্গীর, এনসিপির মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, রাজশাহী বার সমিতির সভাপতি আবুল কাশেম, রাজশাহী গণঅভ্যুত্থান পরিষদের আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।