স্টাফ রিপোর্টার : যেখানে অধিকার বঞ্চনা সেখানেই হুল’ স্লোগানকে সামনে রেখে মহান নেতা সিধু ও কানুকে স্মরণের মধ্য দিয়ে রাজশাহীর কাকনহাটে ঐতিহাসিক সাঁওতাল হুল দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিবিভিও’র সহযোগীতায় রক্ষাগোলা সমন্বয় কমিটি ও গ্রাম সংগঠন সমূহের আয়োজনে দিবসটি পালন করা হয়। সকালে নৃ-তাত্ত্বিক জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাঁওতাল নেতা সিধূ-কানুকে স্মরণ ও পথসভার মাধ্যমে ঐতিহাসিক সাওতাল হুল দিবস পালিত হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। প্রধান আলোচক ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার। আলোচনা সভায় বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাঁসদা, মলিন মার্ডী, বাপ্পি মার্ডী, মুকুল সরেন, রঞ্জিত রায়।
এর আগে সিসিবিভিও শাখা কার্যালয় হতে কাকনহাট বাজার প্রদক্ষিণ করে পৌরসভা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সভার বক্তারা হলেন, ১৭০ বছর ধরে দিবসটি সাঁওতালদের কাছে দাবি আদায়ের গৌরবোজ্জ্বল দিন হলেও আমরা এখনো শোষণ আর বঞ্চনার শিকার । এখনো ফিরে পায়নি ভূমির অধিকার। বিশেষ করে সমতলের আদিবাসী হিসেবে স্বীকৃতি পায়নি আজও।
এদিকে রাজশাহী নগরীতে নানা কর্মসূচি পালন করছে জাতীয় আদিবাসী পরিষদ। এছাড়া রাজশাহী বিভাগীয় নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমীদে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।