স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ মামলায় সোহেল রানা (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর লক্ষীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার আবু বক্করের ছেলে। শুক্রবার রাজশাহী র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, ভিকটিম কিশোরীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় সোহেলের। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরই সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে রাজশাহী শহরে আসতে বলে।
কথামত বুধবার ওই কিশোরী রাজশাহীর শহরে আসলে তাকে নগরীর লক্ষীপুর এলাকায় ওয়ানল্যাব নামের একটি হোটেলের তৃতীয় তলায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। তবে ধর্ষণের পর ওই যুবক সটকে পড়ে। এতে নিরুপায় হয়ে ওই কিশোরী রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে র্যাব রাজশাহীর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী সোহেল রানাকে গ্রেফতার করে। পরে তাকে নগরীর রাজপাড়া থানায় সোপর্দ করা হয়।