৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

কলারহাটে বালুবাহী ট্রাক উল্টে ঝরলো ৪ প্রাণ

Admin Published: January 1, 2026, 6:54 pm
কলারহাটে বালুবাহী ট্রাক উল্টে ঝরলো ৪ প্রাণ

স্টাফ রিপোর্টার : নতুন বছরের সকালেই রাজশাহীর সড়কে ঝরলো ৪ প্রাণ। বালুবাহী ট্রাক উল্টে চাঁপা পড়ে তারা নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া কলার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম, পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, একই জেলার বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।

এ ঘটনায় আহত পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলীকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সেখান থেকে উন্নত চিকিৎসার দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসা কলার হাটে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে সেখানে অবস্থানরত কয়েকজন কলা ব্যবসায়ীর ওপর বালু ও ট্রাকের অংশ চাঁপা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পুঠিয়া থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর নিহতদের মধ্যে একজনের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনজনের লাশ উদ্ধার করে। মোট চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

স্থানীয়রা জানান, রাজশাহী-নাটোর মহাসড়কের ওই অংশে প্রায়ই কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি মহাসড়কের একেবারে পাশে নিয়মিত হাট বসায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। তারা হাটের নিরাপদ স্থান নির্ধারণ ও সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঝলমলিয়ায় রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে কলার হাট বসে। কুয়াশার কারণে সকালে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক সেখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।