স্টাফ রিপোর্টার: পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আরএমপিতে যোগদানকৃত কনস্টেবলদের পেশাগত যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। যোগদানকৃত কনস্টেবলদের নিয়ে মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের সদর দফতরে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে মহানগর পুলিশের কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ান এ নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালনের শর্ত হলো শৃঙ্খলা ও সততা বজায় রেখে জনগণের সেবা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা। আইনি সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন আমাদের মূল লক্ষ্য। এ জন্য মানবিকতা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতা দিয়ে কর্তব্য পালন করতে হবে।
তিনি আরও বলেন, সর্বদা ড্রেস রুলস মেনে চলতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। পুলিশ সদস্য হিসেবে কোন কাজ করা যাবে, আর কোন কাজ করা যাবে না সে বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। পাশাপাশি আরএমপির আইন-১৯৯২ ও বিভিন্ন বিধিবিধান নিয়মিত অধ্যয়ন করে তা দায়িত্ব পালনে প্রয়োগ করতে হবে।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।