ডিএনএন ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহী সিটি করপোরেশন কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নিয়েছে। নগরীর মুসলিম পরিবারগুলোর মধ্যে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু করেছে সংস্থাটি।বৃহস্পতিবার দুপুরে নগরের দরগাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনের পর তিনি নিজেই বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন।
রাজশাহী সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের প্রায় ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য তিনটি করে পলিথিনমুক্ত, পচনশীল ব্যাগ দেওয়া হবে। এ ছাড়া গরু বা মহিষ কোরবানি দিলে অতিরিক্ত দুটি বড় ব্যাগ ও এক কেজি ব্লিচিং পাউডার দেওয়া হবে। ছাগল বা ভেড়া কোরবানিদাতারা পাবেন একটি অতিরিক্ত ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উল্লেখ করেন, কোরবানির পুরো প্রক্রিয়াকে পরিচ্ছন্ন, আধুনিক ও স্বাস্থ্যসম্মত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য, বিতরণ করা ব্যাগগুলো সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং ব্যবহারের পর সহজেই মাটির সঙ্গে মিশে যাবে। ফলে পরিবেশ দূষণের ঝুঁকি কমবে।
তিনি জানান, রাজশাহীকে ধীরে ধীরে পলিথিনমুক্ত নগরীতে রূপান্তরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
কোরবানির সময় পশুর বর্জ্য দ্রুত অপসারণকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, ঈদের দিন কোরবানির পর ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যেই নগরীর সব বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। তবে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিটি করপোরেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।