১ কার্তিক, ১৪৩৩
১৬ অক্টোবর, ২০২৬

ক্রিকেটারদের আট লাগেজ চুরি, পরে উদ্ধার

Admin Published: October 15, 2026, 6:06 pm
ক্রিকেটারদের আট লাগেজ চুরি, পরে উদ্ধার

ডিএনএন ডেস্ক: জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে রাজশাহী যাওয়ার পথে চুরির শিকার হয়েছেন বিভাগীয় দলের চার সদস্য। কভার্ড ভ্যান থেকে তাদের আটটি লাগেজ খোয়া যায়। পরে রাজশাহী ও নাটোর জেলা পুলিশের অভিযানে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চুরি যাওয়া সব জিনিস এখনো উদ্ধার হয়নি।


মঙ্গলবার রাতে বিমানে ঢাকা থেকে রাজশাহী যান রাজশাহী বিভাগের ক্রিকেটাররা। তাদের ৫৪টি লাগেজ কভার্ড ভ্যানে করে পাঠানো হয়েছিল। রাজশাহীতে পৌঁছে লাগেজ খোলার পর আটটি ব্যাগ না পেয়ে বিষয়টি বুঝতে পারেন দলের সদস্যরা। পরে স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি করেন।



খোয়া যাওয়া লাগেজগুলো ছিল মেহেরব, পেসার মোহর শেখ অন্তর, আলি মোহাম্মদ ওয়ালিদ ও দলের টিম বয় আব্দুল কাদেরের। অভিযোগ অনুযায়ী, মেহেরবের লাগেজে পাসপোর্ট, আইফোন, নগদ তিন লাখ টাকা, ৩০০ ডলার ও ইলেকট্রনিক সামগ্রী ছিল। মোহরের ব্যাগেও মূল্যবান ইলেকট্রনিকস ছিল। আর কাদেরের লাগেজে ছিল স্পাইক জুতা ও খেলার সরঞ্জাম।


এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধার করা হয়েছে মালামাল। তবে একটি লাগেজে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের তিন লাখ টাকা ছিল, সেটি পাওয়া যায়নি। গ্রেপ্তার হওয়া চারজন হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়া উপজেলার গন্ডগোহালী জামতলা গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়া গ্রামের রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। মোজাম্মেল হকের বিরুদ্ধে রাজশাহীতে দুটি, টাঙ্গাইলে দুটি ও নাটোরে একটি মামলা রয়েছে। এ ছাড়া সোহান রহমান ও রুবেল আহমেদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি করে মামলা রয়েছে।



পুলিশের অভিযানে কয়েকটি ব্যাগ ও মালামাল উদ্ধার করে সংশ্লিষ্টদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে আটক দুজনকে নিয়ে বাকি মালামাল উদ্ধারে অভিযান চালানোর কথা রয়েছে। ক্রিকেটাররা আশা করছেন, বাকি জিনিসপত্রও উদ্ধার হবে।


জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে আগামী রোববার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের মুখোমুখি হবে রাজশাহী।