৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

কৃষক হয়রানী বন্ধে ‘হটলাইন’ সেবা চালু করলো বিএমডিএ

Admin Published: March 2, 2025, 10:57 pm
কৃষক হয়রানী বন্ধে ‘হটলাইন’ সেবা চালু করলো বিএমডিএ

স্টাফ রিপোর্টার:বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বরেন্দ্র অঞ্চলের কৃষকের সেচসেবা বৃদ্ধি ও যে কোনো সমস্যা দ্রুত নিরসনে হটলাইন সেবা চালু করেছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি বোরো মৌসুমে রাজশাহী ও রংপুর বিভাগে ১৬ হাজার ৭১৫ সেচযন্ত্রের মাধ্যমে প্রায় ৩ দশমিক ৩০ লাখ হেক্টর জমিতে সেচ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি পাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয়ভাবে স্কিমভুক্ত কৃষকদের মধ্যে থেকে বিএমডিএ’র নিয়োগপ্রাপ্ত একজন পাম্প অপারেটর সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। চলতি অর্থবছরে অপারেটর নিযোগের ক্ষেত্রে একটি নীতিমালা প্রণয়ন করে উপজাতিদের অগ্রাধিকার নিশ্চিত করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৮০ জনকে নলকূপের অপারেটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

বিএমডিএ চেয়ারম্যান জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সার্বিক উন্নয়নে বিএমডিএ নানাবিধ কাজ করে যাচ্ছে। আগামী দিনেও যেৎ কোনো ধরনের বৈষম্য দূর করে ন্যায্যতার ভিত্তিতে সেচের পানিপ্রাপ্তি নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। 

বিএমডিএ সূত্র জানায়, এখন পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত অপারেটরদের কোন ধরনের অসহযোগীতার ঘটনা ঘটেনি। ধানের জমিতে সেচ প্রাপ্তিতে বিলম্বের ঘটানো ঘটেনি। 

তবুও নির্ধারিত সেচচার্জের অধিক অর্থ গ্রহণ, এ সংক্রান্ত যে কোনো ধরনের হয়রানি বিষয়ে কৃষকদের অভিযোগ গ্রহনের জন্য হটলাইন নম্বর (০১৩৩৬-৪২৬৩৩০) চালু করা হয়েছে। এ নম্বরে ফোন করে  বিএমডিএ’র সেচযন্ত্রের স্কিমভূক্ত ১০ লাখের বেশী কৃষক যে কোন সময়ে তাদের সেচ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। 

পাশাপাশি প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিএমডিএ’র কর্মকর্তাদের সমন্বয়ে জেলা ভিত্তিক ৬টি পৃথক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা সরোজমিনে পরিদর্শনপূর্বক অভিযোগ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। 

এবার বরেন্দ্র কোন ভাবেই যাতে সেচ কার্যক্রম বিঘ্নিত না হয় সে বিষয়ে বিএমডিএর সব কর্মকর্তা ও কর্মচারীদের সর্বদা সজাগ থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।