স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় ‘রূপসী বাংলা ক্ষুদ্রঋণ সমবায় সমিতি’ নামের বেসরকারি সংস্থায় প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করেন গ্রাহকরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকরা জানান, ২০১৫ সালে বাগমারা উপজেলার কলেজ মোড় এলাকার আবেদ সুপার মার্কেটে অবস্থিত ‘রূপসী বাংলা সংস্থা ক্ষুদ্রঋণ সমবায় সমিতি লিমিটেড নামের প্রতিষ্ঠানে বিভিন্ন অংকের অর্থ জমা রাখেন তারা। সংস্থার মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দাম উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এসব অর্থ সংগ্রহ করেন। তবে দীর্ঘদিন পার হলেও গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরত দেওয়া হয়নি।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, বর্তমানে এনজিও মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দাম গা ঢাকা দিয়ে রয়েছেন। অফিসটি নামমাত্র চালু থাকলেও সেখানে গেলে সংশ্লিষ্ট গ্রাহকদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। বারবার যোগাযোগের চেষ্টা করেও তারা কোনো সমাধান পাচ্ছেন না। এতে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।
মানববন্ধনে ক্ষতিগ্রস্তদের মধ্যে শাহিন আলম, আব্দুল আজাদ, জয়বর আলী, ফজের আলী, আহাদ আলী, সাজেদুর রহমান, জহুরুল ইসলাম, তানজিলা আক্তার, নাইস আক্তার ও শ্যামলী খাতুন প্রমুখ বক্তব্য দেন। তারা বলেন, জমাকৃত অর্থ ফেরত না পাওয়ায় কেউ চিকিৎসা করাতে পারছেন না, কেউ সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। অনেকেই ধার-দেনার মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধনে আশরাফুল ইসলাম ওরফে সাদ্দামের কার্যক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্য গ্রাহকসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করার জোর দাবি জানান।
ভুক্তভোগীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন। তবে এ ব্যাপারে সংস্থার মালিক আশরাফুল ইসলাম ওরফে সাদ্দামের সঙ্গে যোগযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।