স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় লবণের কার্গো ট্রাক তল্লাশি চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ১২৬ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বানেশ্বর বাজারে চেকপোস্ট বসিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।
এ সময় হাসানুর রহমান (৩৫) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। হাসানুর রহমান সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। শনিবার রাজশাহী র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বানেশ্বরে র্যাবের একটি অভিযানিক দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় নাটোর থেকে রাজশাহীগামী একটি কার্গোট্রাক তল্লাশি করে সেখান থেকে ১২৬ কেজি গাঁজা, তিন হাজার কেজি লবণ ও নগদ ২৫০০ টাকা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামী হাসানুর জানায়, রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রির জন্য গাঁজাগুলো নিয়ে আসা হচ্ছিল। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে গাঁজা নিয়ে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। র্যাব জানায়, জব্দ করা গাজার বাজার মূল্য আনুমানিক অর্ধকোটি টাকা। এ ব্যাপারে রাজশাহীর পঠিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর আসামিকে হস্তান্তর করা হয়েছে।