স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
নিহতরা হলো, মঙ্গলপাড়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে হামিদা খাতুন (৮) এবং একই গ্রামের সোলেমান আলীর মেয়ে সাইফা খাতুন (৭)।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন জানান, দুপুরের পর বাড়ির উঠানে লুকোচুরি খেলছিল শিশু দুটি। খেলতে খেলতে তারা পাশের বাড়িতে যায়। ওই বাড়ির একটি ফ্রিজের আড়ালে গিয়ে লুকানোর সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও জানান, ফ্রিজটি আগে থেকেই আর্থিং হয়ে ছিল। শিশু দুটি বুঝতে না পেরে সেখানে লুকালে এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে ফ্রিজের পাশে তাদের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। শিশু দুইটির অকাল মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, খুব মর্মান্তিক ঘটনা। আমি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।