৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

মঙ্গলবার থেকে রোজার আগের দিন পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

Admin Published: February 9, 2025, 11:53 am
মঙ্গলবার থেকে রোজার আগের দিন পর্যন্ত মাঠে থাকবে বিএনপি

ডিএনএন ডেস্ক: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী রোডম্যাপ এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে আগামী মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত সারাদেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।


শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। যারা ৫ আগস্টের পরিবর্তনকে মনেপ্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন।


তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সকল পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে। কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। এ কারণে বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়। সরকারের ‘কর্মপরিকল্পনার রোডম্যাপে’ কম গুরুত্তপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ, দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি।


রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি দিচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানিতে ইতোমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে গুপ্ত হামলা, ঝটিকা মিছিল ও গণসংযোগ শুরু করেছে। 


তিনি আরও বলেন, সচিবালয়ে গিজগিজ করছে স্বৈরাচার শেখ হাসিনার প্রেতাত্মারা। পুলিশ-প্রশাসন-আদালতে তারাই সবকিছু করছে। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে না পারলে আবারো হাসিনার দোসরদের পরাস্ত করা কঠিন হবে।