৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

মোহনপুরে মাদরাসায় বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

Admin Published: June 26, 2025, 4:04 pm
মোহনপুরে মাদরাসায় বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ

স্টাফ রিপোর্টার : পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর-নওপাড়া হাফেজিয়া মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদরাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণের পাশাপাশি ছাত্র, অভিভাবক এবং স্থানীয়দের মাঝে বৃক্ষচারা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষচারা উপহার দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির মাওলানা মো. সাদেকুল আলম।

এদিন  কাঁঠাল, আম, জাম, পেয়ারা, ডালিম, আমলকি, তেঁতুল, জলপাই, খেজুর, কদবেল ও নীমসহ বিভিন্ন প্রজাতির ৩০০ গাছ রোপণ ও উপহার দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বৃক্ষরোপণের এ আন্দোলন শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তার ১৯ দফার মধ্যে  বৃক্ষরোপণ ছিল অন্যতম। আমরা সবাই বনায়ন করতে না পারলেও নিজেরা অন্তত একটি করে বৃক্ষরোপণ করতেই পারি। যেটা ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের তরুণরা শুরু করেছে। তরুণরাই পারে সবুজ বিপ্লব ঘটাতে। সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে।

কর্মসূচিতে মোহনপুর উপজেলা বিএনপি নেতা কাজিম উদ্দিন, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিক, মাদরাসা কমিটির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম বেলালী, শিক্ষক মনিরুজ্জামান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, নাজমুল হাসান প্রমুখ।