স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সকালে রাজশাহী মোহনপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীষর্ক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার, বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরীন।
প্রধান অতিথির বক্তব্যে ফাহিমা বিনতে আখতার বলেন, বর্তমানে গুজব প্রতিরোধ অত্যন্ত সময়োপযোগী বিষয়। গুজব সবসময় যে ভিকটিমের জন্য ক্ষতিকর তা নয়, এটা মিডিয়াকর্মীদের জন্য অনেক সময় ভয়ংকর হতে পারে। বিভিন্ন পত্রিকার নামে ফটো কার্ড ছাপিয়ে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। গুজব দেশে ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে।
তিনি বলেন, পূর্বে গুজবের উদ্দেশ্য ছিল বিভ্রান্তি তৈরি করা। জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিয়ে বসে বসে মজা নেওয়াই ছিল গুজবের মূল উদ্দেশ্য। কিন্তু বর্তমানে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এখন বেশিরভাগ গুজব ছড়ানো হচ্ছে ভিউ ব্যবসার উদ্দেশ্যে। গুজব সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিউ ব্যবসার মাধ্যমে কিছু পয়সা অর্জনই এখন মূল উদ্দেশ্য। তবে আমি বিশ্বাস করি, কিছু ভুল বোঝাবুঝি ছাড়া মোহনপুরের কোনো গণমাধ্যমকর্মী গুজবকে প্রশ্রয় দেয় না। যারা গুজব ছড়ায় তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা দরকার।
তিনি আরও বলেন, গুজব প্রতিরোধের জন্য খুব বেশি দক্ষ হওয়া লাগবে না। এর জন্য প্রয়োজন শক্ত নৈতিকতা এবং নৈতিক ভিত্তি। প্রযুক্তিগত বিষয়ে সব জায়গায়ই প্রবেশাধিকার থাকবে। তবে আমাদের কোনটা গ্রহণ করতে হবে, কোনটা বর্জন করতে হবে এটা নির্ভর করে আমাদের বিবেকের ওপর। আধুনিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, পিছিয়ে থাকা যাবে না। এসময় তিনি গত নির্বাচনে গুজব প্রতিরোধে মোহনপুরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতার জন্য ভূয়সী প্রশংসা করেন। গুজব প্রতিরোধে তাদের সহযোগিতা করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে আঞ্চলিক তথ্য অফিসের পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়। পরে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা তাদের মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্। মোহনপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।