৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

মোহনপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন, আরোহীর মৃত্যু

Admin Published: October 30, 2025, 12:57 pm
মোহনপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন, আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইসমাইল হোসেন (৩০) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে  উপজেলার কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইসমাইল হোসেন 'শতফুল' নামের একটি এনজিওর কর্মী ছিলেন। তার গ্রামের বাড়ি মোহনপুর উপজেলার বাদে-হাজরাপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।


স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওই মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।


সংঘর্ষের পর মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। আর মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।


এরপর নিহত মোটরসাইকেল চালকের পকেট থেকে উদ্ধার করা হয় তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। আর এনআইডি কার্ড থেকে ইসমাইল হোসাইনের পরিচয় শনাক্ত করা হয়।


রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।