স্টাফ রিপোর্টার : মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নদী ও পানির হিস্যা বুঝে নিতে রাজশাহী থেকে লংমার্চ করবো। রবিবার রাতে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এনসিপির দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাওলানা ভাষানীকে স্মরণ করে তিনি বলেন, এখান থেকেই ফারাক্কা লংমার্চ শুরু করেছিলেন তিনি। আমাদের যদি নদীর হিস্যা, পানির হিস্যা বুঝে নিতে হয়, আমাদের সীমান্তকে যদি রক্ষা করতে হয়। তবে এই রাজশাহী শহর থেকেই লং মার্চ করবো।
তিনি আরো বলেন, যারা এই গণ অভ্যথানকে ব্যহত করার চেষ্টা করছে বাংলাদেশের জনগন তাদের আর কোন দিন ক্ষমা করবে না। ৫ই আগস্ট আমাদের আন্দোলনে শুধু সৈরাচারের পতন ছিলো না এবার আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশকে পূর্নগঠন করা। আমাদের লক্ষ ছিলো গণভবন, এবার আমাদের লক্ষ জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি এবার জাতীয় সংসদকে জয় করবো। জাতীয় সংসদে তরুনদের অভূতপূর্ব জয় হবে। কিন্তু তার আগে সংস্কাকারের সুরাহ হতে হবে। বিচারের সুরাহা হতে হবে। হাসিনার বিচার ও সংস্কার দেখতে চাই। নতুন সংবিধান দেখতে চাই।
তিনি বলেন, জুলাই সনদ ঘোষণা করতে হবে। যারা বলে জুলাই কোন সাংবিধানিক ভিত্তি দেবার প্রয়োজন নয়। যারা জুলাই আন্দোলনকে সংবিধানের জায়গা দিতে চাই না। যারা জুলাইকে কোন আইন কাঠামোর মধ্যে জায়গা দিতে চাই না। তারা মুজিববাদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা নিজেদেরকে মুজিববাদের পাহারাদার হিসেবে ঘোষনা করেছে। মুজিববাদের পাহারাদারদের বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পথ সভায় উপস্থিত ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, রাজশাহী মহানগর প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী, যুগ্ম সমন্বয়কারী আল আশরারুল ইমাম তানিম, নাহিদুল ইসলাম সাজু, শামীমা সুলতানা মায়াসহ কেন্দ্রীয় নেতারা। তারাও সমাবেশ বক্তব্য দেন।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী নগরীর রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি নগরের রেলগেট থেকে শুরু হয়ে নিউমার্কেট-রানীবাজার-সাগরপাড়া-আলুপট্টি-সাহেববাজার-রাজশাহী কলেজ-সিটি কলেজ-বাটার মোড়-গণকপাড়া হয়ে রাজশাহী জিরোপয়েন্টে পৌঁছে পথসভায় মিলিত হয়।
এদিকে এনসিপির পদযাত্রা নিয়ে আগে থেকেই বাড়তি সতর্ক অবস্থান নেয় পুলিশ। নগরীজুড়ে নেওয়া হয় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান বলেন, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা উপলক্ষে রাজশাহী নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণভাবে পদযাত্রা সম্পন্ন হয়েছে।