স্টাফ রিপোর্টার : নাগরিক সেবা নিশ্চিত ও নানামুখী দুর্নীতি-অব্যবস্থাপনা প্রতিবাদসহ ৩৮ দফা দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হক।
মানববন্ধনে বক্তারা রাজশাহী নগরীর উন্নয়ন বাস্তবায়ন ও নাগরিক সেবা নিশ্চিতসহ ৩৮টি দফা দাবি তুলে ধরেন। তারা নেসকোর বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধ, অস্বাভাবিক বিদ্যুৎ বিল বন্ধ, বিদ্যুৎ সংযোগে হয়রানি ও প্রিপেইড মিটারের অব্যবস্থাপনা বন্ধ দূর করার জোর দাবি জানান।
এছাড়া রাজশাহীর যানজট নিরসন এবং সার্বিক নাগরিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি রামেক হাসপাতালে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত ও প্রাইভেট কোচিং বাণিজ্য ও সরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য বন্ধ করার দাবি জানান।
বক্তারা বলেন, নেসকের অস্বাভাবিক বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটারের ভোগান্তিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। শিক্ষা ব্যবস্থায় কোচিং নির্ভরতা ও অগ্রিম ফি আদায়ের কারণে অভিভাবকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি মহানগরীতে ক্রমবর্ধমান যানজট ও আইনশৃঙ্খলার অবনতিতে বাসিন্দাদের নিরাপত্তাহীনতা বাড়ছে।
তারা অবিলম্বে এসব সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, ইঞ্জিনিয়ার জালাল উদ্দীন, বোয়ালিয়া থানা সেক্রেটারি তোতাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।