স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়ে নাগরিক ভোগান্তিরোধে সুষ্ঠভাবে কার্যক্রম বাস্তবায়নের সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ।
রবিবার দুপুরে নগর ভবনে প্রশাসকের দফতর কক্ষে মহানগরীর অভ্যন্তরীণ সড়ক সমূহে পাইপ লাইন স্থাপন এবং ক্ষতিপূরণ জমা সংক্রান্ত বিষয়ে রাজশাহী ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় রাজশাহী ওয়াসার পক্ষ থেকে পাইপ লাইন স্থাপনে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় রাসিক প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসার সমন্বয়ে নাগরিক ভোগান্তীরোধে সুষ্ঠভাবে কাজ বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ও ওয়াসা‘র ব্যবস্থাপনা পরিচালক রেজাউল আলম সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, রাজশাহী ওয়াসা‘র উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন/প্রকৌশল) তৌহিদুর রহমান, প্রধান প্রকৌশলী পারভেজ মামুদ, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকারসহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দিবাগত রাতে অননুমোদিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ এবং ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান উপস্থিত ছিলেন। তাঁরা রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সাহেব বাজার, কাজলা, বন্ধগেট, লক্ষ¥ীপুর সহ বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম পরিদর্শন করেন তাঁরা।