স্টাফ রিপোর্টার : নীলফামারীর ডোমারে গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি শ্বাশুড়ি ফারজিনাকে রাজশাহীর দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে রাজশাহী র্যাবের সদস্যরা উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ফারজিনা (৫৫) নীলফামারী জেলার ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী ও গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। ঘটনার পর থেকে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এসে আত্মগোপনে ছিলেন তিনি।
মঙ্গলবার রাজশাহী র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, পারিবারিক কলহের জের ধরে গত ২২ মে দিবাগত রাতে ফারজিনার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের সদস্যরা গৃহবধুকে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষনে নিস্তেজ হয়ে পড়লে আসামীরা ওই গৃহবধুকে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ২৫ মে গৃহবধুর মৃত্যু হয়।
এ ঘটনায় গৃহবধুর বড় বোন বাদী হয়ে ডোমার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ফারুক হোসেন, শাশুড়ি ফারজিনা বেগমকে আসামী করা হয়। এ ঘটনায় পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্তে নামে। এরই অংশ হিসেবে সোমবার দিবাগত রাতে আরজিনা বেগমকে গ্রেফতার করা হয়। পরে র্যাব তাকে ডোমার থানায় হস্তান্তর করে।