স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘রাজশাহীর প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। কোন কন্ট্রাক্টর কোথায় কী বলল তাতে কিছু যায় আসে না। নেসকো কেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠান কোথাও যাবে না।’
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, ‘এটি হচ্ছে এখানে কয়েকজন যারা চাকরি করে, কিছু কিছু আছে যারা ফ্যাসিস্টদের দালাল, তারা এটা নিয়ে একটি ষড়যন্ত্র করতে পারে। আর কে কী বলল, কোন কন্ট্রাক্টর... নো, দিস ইজ রাজশাহী।
মন্ত্রী আরও বলেন, ‘রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না। রাজশাহী হবে ফ্রার্স্ট। আমার কাছে মন্ত্রিত্ব, এমপি, মেয়র বড় জিনিস নয়। এই মাটিতেই আমার জন্ম। এই মাটিতেই আমার মৃত্যু হবে। এটিই আমার আকাঙ্খা, এটিই আমার চাওয়া। আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন। আর এগুলো... কোন কন্ট্রাক্টর, কোথায় কী বলল তাতে কিছু আসে যায় না।’
জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদসহ পুলিশ-প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
উল্লেখ্য, আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় রাজশাহীতেই ছিল। সম্প্রতি বগুড়াতেও একটি অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় খোলা হয়েছে। প্রতিটি বিভাগে একটি করে এই অফিস থাকলেও ব্যতিক্রম হলো শুধু রাজশাহী বিভাগে।
বিএনপি সরকার গঠনের পর রাজশাহী থেকে নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমই প্রথম তৎপরতা শুরু করেন বিদ্যুৎ ও জ¦ালানিসম্পদ মন্ত্রীকে একটি ডিও লেটার দিয়ে। বগুড়াকে আলাদা বিভাগ করতে সম্প্রতি সেখানে একটি সভাও হয়েছে।