৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

নিজেকে ‘হতভাগ্য পিতা’ বললেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকিরের বাবা

Admin Published: July 22, 2025, 11:44 pm
নিজেকে ‘হতভাগ্য পিতা’ বললেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকিরের বাবা

স্টাফ রিপোর্টার : নিজেকে ‘হতভাগ্য পিতা’ বললেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের বাবা তহুরুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা স্টেডিয়ামে ছেলের জানাযা নামাজের আগে তিনি ডুকরে ডুকরে কেঁদে উঠেন। তিনি বলেন, আমি সেই হতভাগ্য পিতা, যে নিজের সন্তানের লাশ কাঁধে নিয়েছি। এসময় সন্তান তৌকিরের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি। পাশাপাশি মাইলস্টোন স্কুলে এ বিমান দুর্ঘটনায় শিশুসহ আরও যারা প্রাণ হারিয়েছেন তাদের সবার জন্যই দোয়া চেয়েছেন তহুরুল ইসলাম।

এর আগে মরদেহবাহী অ্যাম্বুলেন্সে নিহত পাইলট তৌকিরের লাশ রাজশাহী নগরীর উপশহর ভাড়া বাসার সামনে নিয়ে আসা হয়। এ সময় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনরা নিহত পাইলট তৌকিরের জীবদ্দশার বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উড্ডয়নের পর রাজধানীর উত্তরায় মাইলস্টেন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়। ওই বিমানের পাইলট ছিলেন রাজশাহীর সন্তান ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম। ঘটনার পর তিনি মারা যান। এ ঘটনায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়। মঙ্গলবার ঢাকায় প্রথমদফা জানাজা শেষে তার মরদেহ রাজশাহীতে নিয়ে আসা হয়। এখানে বিকেল জানাযা শেষ নগরীর সপুরা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।