৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে : মিনু

Admin Published: November 7, 2025, 6:15 pm
নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে : মিনু

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সব ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিকের সাবেক মেয়র ও রাজশাহী সদর আসনের মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনা পুনর্জাগরণের প্রতীক। এইদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

শুক্রবার রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠনে সচেস্ট হোন। তিনি দায়িত্ব নেওয়ার পরেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশের উন্নয়নে কাজ শুরু করেন। তিনি কৃষির উন্নয়নে খাল খনন থেকে শুরু করে সেচ পাম্প আমদানী করেন। মিনি বলেন, দেশে নির্বাচনের হাওয়া বইছে। তবে এই নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করতে হবে। 

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা, জয়নুল আবেদীন শিবলী, মুক্তার হোসেন মুক্তার, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে রাজশাহীতে বিএনপির সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে কোরআন তেলাওয়াত ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাষন প্রচার করা হয়। বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। রাজশাহীর বিভিন্ন উপজেলা পর্যায়েও দিবসটি নানা কর্মসূচিতে পালন করে বিএনপি।