৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬
রাজশাহীতে আইজিপি

নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে হবে

Admin Published: November 2, 2025, 11:34 pm
নির্বাচনী দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখতে হবে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, “জাতীয় নির্বাচন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্যই হবে জনগণের আস্থার প্রতীক।রবিবার (২ নভেম্বর ) বিকেল সাড়ে ৪টায় তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সের পিওএম সভাকক্ষে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শনকালে এ কথা বলেন।পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রেনিং স্কুলের তত্ত্বাবধানে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৬ষ্ঠ ব্যাচের কার্যক্রম পরিদর্শনের সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, এবং আরএমপি, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আইজিপি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনকে একটি সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “এই নির্বাচনই অতীতের ভুল সংশোধন এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার এক সুবর্ণ সুযোগ।”


এ সময় তিনি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময়ে পুলিশের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।