৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

নির্বাচনের ফলাফল নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না : মিলন

Admin Published: February 8, 2026, 11:43 pm
নির্বাচনের ফলাফল নিয়ে কোন ষড়যন্ত্র জনগণ বরদাস্ত করবে না : মিলন

স্টাফ রিপোর্টার : বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী-৩ আসনের ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলছেন, নির্বাচন নিয়ে নানামুখী  ষড়যন্ত্র এখনো চলমান রয়েছে। একটি দল নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নিতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ধরনের ষড়যন্ত্র কোনভাবেই জনগণ মেনে নেবে না । জনগণ নির্বাচন শেষে ফলাফল নিয়ে ঘরে ফিরবে বলে উল্লেখ করেন তিনি।

রবিবার রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমুইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মিলন বলেন, জামায়াতে ইসলামী ভোটের মাঠে ‘বোরকা বাহিনী’ নামাবে। তারা নাকি এক্সট্রা ব্যালট  নিয়ে ভোটকেন্দ্রে যাবে। এগুলো করে কোন লাভ হবে না বলে উল্লেখ করেন তিনি।

মিলন বলেন, বিএনপির জোয়ার দেখে দেশ-বিরোধী একটি দলের মাথা খারাপ হয়ে গেছে। নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় যেতে পারবে না জেনে তারা এই নানা পন্থা অবলম্বন করার চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণকে অনুরোধ করেন তিনি। একইসঙ্গে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।

মিলন বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। এই দল ক্ষমতায় থাকলে দেশে অন্যায়, অত্যাচার ও নির্যাতন বন্ধ থাকে। দেশের উন্নয়নের চাকা ঘুরতে থাকে। আগামীতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে ধানের শীষে  ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর তিনি প্রধানমন্ত্রী হলে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র পরিণত করবেন।

এ সময় মোহনপুর উপজেলা বিএনপি’র সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব রশিদ, মোহনপুর উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,  জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, বিএনপি নেতা আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।